কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রসহ দুই রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে বিশেষ এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন- টেকনাফ নয়াপাড়া ২৬নং ক্যাম্প এক্সটেনশনের মো. ছালামের ছেলে শীর্ষ ডাকাত শাহ আলম (২৫), অপরজন হলেন নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের জাফর’র ছেলে শীর্ষ ডাকাত কেফায়েত উল্লাহ (২৩)।
অভিযান শেষে এপিবিএন জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক (ওয়ান শুটার গান), পাঁচ রাউন্ড কার্তুজ ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় আর্মস অ্যাক্ট ১৮৭৮ এর ১৯(এ)/১৯(এফ) এবং দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এবিষয়ে ব্যাটালিয়ন কমান্ডার (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বলেন, রোহিঙ্গা ক্যাম্পে ডাকাত চক্রের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। অপরাধীরা যেই হোক, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পের নিরাপত্তা নিশ্চি করতে এপিবিএন সর্বদা কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শাহ আলম ও কেফায়েত উল্লাহ দীর্ঘদিন ধরে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প এবং আশপাশের এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তারা অস্ত্রের জোরে সাধারণ রোহিঙ্গা ও স্থানীয়দের কাছ থেকে চাঁদা আদায়, অপহরণ, মুক্তিপণ আদায় এবং বিভিন্ন অপরাধী চক্রকে সহযোগিতা করতো। এছাড়া তাদের বিরুদ্ধে মাদক পাচারের সাথেও সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।