পর্যটন নগরী কক্সবাজারের কলাতলী কটেজ জোনে বিশেষ অভিযানে একের পর এক গোপন সুরঙ্গ রুমের সন্ধান মিলছে। বন্ধ করে দেওয়া হলো সুরঙ্গ।
শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে ট্যুরিস্ট পুলিশের অভিযানে এসব সুরঙ্গ টিন দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ বলেন, কটেজ জোনে সন্ধান পাওয়া এসব সুরঙ্গ অবশেষে বন্ধ করা হলো। কোনো কটেজে আর কোনো ধরনের সুরঙ্গ রাখা যাবে না। আইনশৃঙ্খলা ও জনস্বার্থে স্থায়ীভাবে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে একই এলাকায় আরেকটি অভিযানে পর্যটকদের হয়রানি ও অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য ব্যবহৃত একটি সুরঙ্গ রুমের আস্তানা চিহ্নিত করে ট্যুরিস্ট পুলিশ। সেখান থেকে ১৩ জনকে আটক করা হয়।
অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ বলেন, পর্যটকদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা ট্যুরিস্ট পুলিশের দায়িত্ব। এইসব অবৈধ কার্যকলাপ বন্ধ করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। যারা আইন অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ট্যুরিজম এলাকায় অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে ট্যুরিস্ট পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে কলাতলী হোটেল মালিক সমিতি।