কক্সবাজারের উখিয়ায় শরণার্থী রোহিঙ্গা ক্যাম্পে আবারও সন্ত্রাসী কার্যক্রমের প্রমাণ মিলেছে। উদ্ধার করা হয়েছে ওয়ান শুটার গান, গুলি ও ধারালো চাকু।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন পরিচালিত বিশেষ অভিযানে ক্যাম্প-২০ এক্সটেনশনের বি/০৩ ব্লক থেকে এক কুখ্যাত আরসা কমান্ডারকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি এবং একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
এপিবিএন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটে ওয়ালাপালং পুলিশ ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় ক্যাম্পের বি/০৩ ব্লকে বসবাসরত রহমতউল্লাহ নামের এক রোহিঙ্গা সন্ত্রাসীকে তার শেল্টার থেকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্প এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, প্রভাব বিস্তার এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন।
অভিযান শেষে আটককৃত আসামি ও উদ্ধারকৃত আলামত ওয়ালাপালং পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমীন বলেন,রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে, আইনের আওতায় আনা হবে। সাধারণ রোহিঙ্গাদের নিরাপদে রাখতে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে।