কক্সবাজারের চাঞ্চল্যকর টমটম চালক সোহেল হত্যা মামলার অন্যতম সহযোগী মোহাম্মদ ইব্রাহিম (২০) কে গ্রেফতার করেছে র্যাব-১৫ ও র্যাব-৮ এর যৌথ দল।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে পটুয়াখালী জেলার মহিপুর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক। তিনি জানায়, গত ২ আগস্ট টমটম চালক সোহেল প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হলেও আর ফেরেননি। পরদিন তার রক্তাক্ত মরদেহ রামু থানাধীন রশিদনগর ইউনিয়নের একটি নালা থেকে উদ্ধার করা হয়। পরে নিহতের পরিবার রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
ঘটনার পর র্যাব-১৫ এর একটি বিশেষ দল তদন্ত শুরু করে এবং গত ৫ সেপ্টেম্বর রামুর ঈদগড় ইউনিয়নের পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল পরিকল্পনাকারী মনসুর আলম ওরফে ধলাইয়াকে গ্রেফতার করে। আদালতে দেয়া জবানবন্দিতে মনসুর হত্যাকাণ্ডে ইব্রাহিমের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন।
পরে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে র্যাব জানতে পারে, ইব্রাহিম পটুয়াখালীর মহিপুর এলাকায় অবস্থান করছে। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ ও র্যাব-৮ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।