মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা ব্যর্থ করে ২ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৬৪ বিজিবি)।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের সীমান্ত পিলার বিডি-২১ সংলগ্ন এলাকায় রামু সেক্টরের আওতাধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধীনস্থ বালুখালী বিওপির একটি বিশেষ টহলদল দায়িত্ব পালনকালে মিয়ানমারের দিক থেকে ১০-১২ জন সন্দেহভাজন চোরাকারবারি বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে তারা খালে ঝাঁপিয়ে পড়ে সাঁতরে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়।
পরে সীমান্ত এলাকা তল্লাশি চালিয়ে খালের পাড় থেকে সাদা পলিথিনে মোড়ানো দুটি প্যাকেট উদ্ধার করা হয়। খুলে দেখা যায়, ভেতরে নীল রঙের বায়ুরোধী ২৮ কার্ডে মোট ২ লাখ ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান প্রসঙ্গে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, উখিয়া সীমান্তের বিডি-২১ নম্বর পিলার সংলগ্ন এলাকা থেকে আমাদের টহল দল বিশেষ অভিযানে ২ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে। সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। দেশের ভেতরে যেন কোনোভাবে মাদক প্রবেশ করতে না পারে, সেজন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।