কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোয়াংখালী সৈকতে ঝাউবন উজাড় করে অবৈধভাবে নির্মিত ১০/১২টি স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টার মধ্যে এ অভিযান পরিচালনা করেন উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যারীন তাসনিম তাসিন। এসময় বনবিভাগ, বীচ ম্যানেজমেন্ট কমিটি এবং ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন জানান, স্থানীয় কিছু অসাধু ব্যবসায়ী রাতের আঁধারে কটেজ ও দোকান নির্মাণ করে সৈকত দখল করেছিল। আমরা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইকোলজিক্যালি ক্রিটিকাল এরিয়া (ইসিএ) এলাকায় স্থায়ী বা অস্থায়ী কোনো স্থাপনা সহ্য করব না। সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় এই অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়রা জানান, কিছুদিন ধরেই রাতের আঁধারে স্থাপনা নির্মাণ চলছিল। সৈকত দখলকারী ব্যবসায়ীরা সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য ঝুঁকি সৃষ্টি করছিল। প্রশাসনের এই পদক্ষেপ সঠিক ও সময়োপযোগী।