কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে বিশেষ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকানপাট বসানো এবং বাজারের দুই পাশের সড়কজুড়ে অবৈধভাবে ব্যবসা-বাণিজ্য পরিচালনার কারণে যানজট লেগে থাকত। এতে সাধারণ মানুষ এবং যানবাহন চলাচলে চরম ভোগান্তির শিকার হতো।
অভিযানকালে বাজারের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করা হয় এবং সড়কে বাধা সৃষ্টিকারী বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। একই সঙ্গে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন পুলিশ সদস্যরা।
শাহপুরী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। ফুটপাত ও সড়ক দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনগণের নিরাপদ চলাচল ও যানজট নিরসনই আমাদের মূল লক্ষ্য।
স্থানীয়রা জানান, বাজার এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত হওয়ায় মানুষের যাতায়াত সহজ হয়েছে এবং যান চলাচলও অনেকটা স্বাভাবিক হয়েছে। তারা নিয়মিত এমন অভিযান চালিয়ে যাওয়ার জন্য হাইওয়ে পুলিশের প্রতি অনুরোধ জানান।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, জনসাধারণের সুবিধার্থে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।