কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে র্যাব-১৫ ও টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) একটি যৌথ দল বিশেষ অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় এক মাদক কারবারিকে আটক করা হয়।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-১৫ এবং বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়- দমদমিয়ার লোহার পোল্টুন সংলগ্ন সড়কের ওপর দিয়ে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার একটি চালান পাচারের চেষ্টা চলছে। খবর পেয়ে র্যাব-১৫ সিপিসি-১, টেকনাফ ক্যাম্প ও ২ বিজিবির একটি যৌথ দল সেখানে অভিযান চালায়।
অভিযানের এক পর্যায়ে হাতেনাতে একজন মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ৪০,০০০ (চল্লিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মাদক কারবারির নাম মো. ছলিম (৩০)। তিনি মিয়ানমারের বুথিডং এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. জাহিদ হোসেন এবং মাতার নাম রশিদা বেগম। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র্যাব ও বিজিবি।
অভিযান প্রসঙ্গে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন,র্যাব ও বিজিবির সমন্বিত এই অভিযান বাংলাদেশের সীমান্ত রক্ষা ও মাদক চোরাচালান দমনের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আইনশৃঙ্খলা বাহিনী দেশের নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে।