কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) পরিচালিত এ অভিযানে মালিকবিহীন ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
শনিবার (২০ সেপ্টেম্বর) ভোর রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অবস্থান নেয়। রাত ১টার দিকে মিয়ানমার দিক থেকে দুইজনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। তাদের মধ্যে একজনের কাঁধে কালো ব্যাগ ছিল। বিজিবি সদস্যরা তল্লাশির জন্য এগিয়ে গেলে তারা দ্রুত দৌড়ে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি কালো ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটির ভেতর নীল রঙের পাঁচটি প্যাকেটে মোট ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের আটক করতে তাৎক্ষণিকভাবে চিরুনি অভিযান চালানো হলেও কাউকে ধরা সম্ভব হয়নি।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন,পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও কঠোর অবস্থানে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।