কক্সবাজারের উখিয়ায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার পালংখালী সীমান্ত এলাকায় এই অভিযান চালানো হয়।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, সীমান্ত এলাকায় মাদক লুকিয়ে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে সকাল ১১টার দিকে পালংখালী বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে আঞ্জুমানপাড়া গ্রামের মধ্যে অভিযান চালায়।
সকাল ১১টা ৩০ মিনিটের দিকে আবু বক্কর এর বাড়ির পাশে একটি পুরাতন পরিত্যক্ত বাড়ির কাঠের স্তূপে লুকিয়ে রাখা খাকি রঙের একটি ব্যাগ দেখতে পায় টহলদল। ব্যাগটি তল্লাশি করে নীল রঙের বায়ুরোধী প্যাকেটে মোড়ানো ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবা উদ্ধারের পর ওই এলাকায় মাদক চোরাকারবারীদের ধরতে চিরুনি অভিযান চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে, মাদক কারবারীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সবসময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।” উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।