কক্সবাজারে ট্যুরিস্ট পুলিশের বিভিন্ন অভিযানে সাহসিকতা ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের নারী কনস্টেবল নিশিতা বড়ুয়া আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। তিনি কানাডাভিত্তিক একটি সংস্থা কর্তৃক প্রদত্ত উইমেনস ট্যুরিজম লিডার্স অ্যাওয়ার্ড লাভ করেছেন।
উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কুতুপালং পূর্বপাড়া এলাকার মেয়ে নিশিতা বড়ুয়া বর্তমানে কক্সবাজার রিজিওন ট্যুরিস্ট পুলিশে কর্মরত আছেন। তার এই অর্জনে এলাকায় আনন্দের বন্যা বইছে।
এ প্রসঙ্গে কক্সবাজার রিজিওন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ বলেন, “নিশিতা বড়ুয়ার এই সাফল্য শুধু কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের জন্যই নয়, বরং দেশের জন্য গৌরবের বিষয়। নারী পুলিশ সদস্যরা যে সমানতালে সাহসিকতা ও দক্ষতার পরিচয় দিতে পারেন, এ অর্জন তারই প্রমাণ।
নারী কনস্টেবল নিশিতা বড়ুয়া তার প্রতিক্রিয়ায় বলেন, এই স্বীকৃতি আমাকে আরও অনুপ্রাণিত করবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আইনশৃঙ্খলা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখবো।
স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই সাহসী ও দায়িত্বশীল চরিত্রের অধিকারী নিশিতা বড়ুয়া এলাকায় সবার কাছে অনুকরণীয়। তার এ অর্জনে উখিয়ার নাম আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল হলো।