বাংলাদেশ-মিয়ানমার বর্ডার সীমান্তের ঘুমধুমের তুমব্রু সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. আলম (৩০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোররাতে তুমব্রু সীমান্তের পশ্চিমকুল এলাকায় এ অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. আলম (৩০) নামের এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।
আটক মো. আলম, উখিয়ার এফডিএমএন ক্যাম্প-২ (ইস্ট), ব্লক-এ-১-এর বাসিন্দা মো. নুরুল হকের ছেলে।
বিজিবি জানায়, রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। এ সময় মিয়ানমার দিক থেকে কয়েকজন ব্যক্তি সীমান্ত অতিক্রমের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ জানায়। উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা পালিয়ে গেলে মো. আলমকে একটি ব্যাগসহ আটক করা হয়। পরবর্তীতে ব্যাগ তল্লাশি করে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন,অভিযানে আমরা মো. আলম নামের এক রোহিঙ্গা যুবককে আটক করেছি এবং তার কাছ থেকে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। বিজিবি শুধু সীমান্ত পাহারা নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। পালাতক মাদক চোরাকারবারীদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, আটক আসামি ও উদ্ধারকৃত ইয়াবা সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।