কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক নারী মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুখাল চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি তল্লাশির সময় যাত্রীবেশে থাকা এক নারীকে সন্দেহজনক মনে হয়। পরে তার শরীরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও ইয়াবা পাচারের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত নারী হলেন- শিল্পী আক্তার (২৮), পিতা- শেখ ইউসুফ, মাতা- জেলেকা খাতুন, গ্রাম- চর-অমরাপুর, ডাকঘর- চর হাজীগঞ্জ (৭৮০০), থানা- চরভদ্রাসন, জেলা- ফরিদপুর।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন- আটক আসামি ও জব্দকৃত ইয়াবা, মোবাইল ফোনসহ মালামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
অধিনায়ক আরও জানান, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। পালাতক মাদক চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, ইয়াবা পাচার প্রতিরোধ ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে।