কক্সবাজারের উখিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান “ডেভিল হান্ট” নামে বিশেষ অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদধারী ৪ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে উখিয়া থানা পুলিশ।
গত রবিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হকের নেতৃত্বে উখিয়ার রাজাপালং ও পালংখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার আলোকে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, ১। উখিয়া উপজেলা যুবলীগ নেতা অহিদুল হক চৌধুরী (৫৫), উখিয়ার ফলিয়াপাড়ার মৃত বদিউর রহমান চৌধুরীর ছেলে। উখিয়া থানার জিআর ১৩১/১৩, আর-৫০০/২৫ মামলার আসামী। ২। উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ আবু সুফিয়ান (২২) রাজাপালং ২নং ওয়ার্ডের কাশিয়ারবিলের শেখপাড়ার ফিরোজ মিয়ার ছেলে। উখিয়া থানা মামলা জিআর ৫৬৬/২৩, আর-৩৮১৬/২৫, মামলা নং- ২৭(৯)২৪ আসামী। ৩। স্থানীয় সংবাদকর্মী তানবির শাহরিয়ার (৩০)উখিয়ার মুহুরিপাড়ার রুহুল আমিনের ছেলে।উখিয়া থানা মামলা নং- ২৭(৯)২৪ এবং উখিয়া থানার মামলা নং-১৫ (তারিখ: ০৮/০২/২০২৫) এর এজাহারে নামীয় ৫২ নং আসামী। ৪। মফিদুল আলম (৩৫) পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বালুখালী ছড়ার ফরিদ আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক বলেন- শারদীয় উৎসব ঘিরে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে উখিয়া থানা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। অপারেশন ‘ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।