কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ে সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ টহলদলের অভিযানে অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৬টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়া চেয়ারম্যান মার্কেট এলাকায় অভিযান চালিয়ে আফসার উদ্দিন (৩০) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে আফসার উদ্দিনকে একটি দেশীয় ফাইভ স্টার পিস্তল (ম্যাগাজিনসহ) ও একটি রাউন্ড গুলিসহ আটক করা হয়। এছাড়া তার কাছ থেকে দুইটি স্মার্টফোন, দুইটি সিমকার্ড এবং নগদ টাকা জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আফসার উদ্দিন জানায়, সে দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত এবং অস্ত্র বিক্রির উদ্দেশ্যে ঐ এলাকায় অবস্থান করছিল।
আটককৃত হলেন, মো. আফসার উদ্দিন (৩০) টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের আবুল হোসেনের ছেলে। আটকৃত আসামি ও উদ্ধারকৃত অস্ত্র-সরঞ্জাম আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
সাম্প্রতিক সময়ে উখিয়া-টেকনাফ এলাকায় মাদক ও অস্ত্র চোরাচালান বৃদ্ধি পাওয়ায় সেনাবাহিনী অভিযান জোরদার করেছে। জননিরাপত্তা ও এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।