কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা চেকপোষ্টে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) ৬৬ লক্ষ টাকার ২২,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে। এ ঘটনায় ১ জন আসামী নেওয়াজ উদ্দিন মোরশেদ (২০) আটক হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর ২০২৫) সকাল ৯ টার দিকে সহকারী পরিচালক মোঃ কবির হোসেন নেতৃত্বে বিশেষ অভিযানটি পরিচালিত হয়।।
বিজিবি জানায়, মরিচ্যা যৌথ চেকপোষ্টে টহল চলাকালীন একটি সন্দেহজনক মোটরসাইকেল আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক মোরশেদ বিষয়টি অস্বীকার করলে মোটরসাইকেলের এয়ার ফিল্টার তল্লাশী করা হয়। পরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৬৬ লাখ টাকার ২২,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, রামু ব্যাটালিয়ন সর্বদা সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং চোরাচালান ও মাদকসহ যে কোনো অপরাধ দমনে প্রতিশ্রুতিবদ্ধ। এই ধরনের অভিযান আমাদের আন্তঃসীমান্ত অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও আমরা দেশের নিরাপত্তা বজায় রাখতে প্রতিটি প্রয়াস অব্যাহত রাখব।