কক্সবাজারের মহেশখালীতে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে গ্রেফতারকৃত আসামিকে হাতকড়া সহ ছিনিয়ে নেওয়ার ঘটনায় পুলিশ অ্যাসল্ট মামলার অন্যতম আসামী মোঃ রবিউলকে গ্রেফতার করেছে র্যাব-১৫।
পুলিশ ও র্যাব সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা সাড়ে ৭টায় গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল কাইয়ুম তার নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের নিয়ে মহেশখালী থানাধীন মাতারবাড়ী ইউপির নতুন বাজার এলাকায় সরকারবিরোধী মিছিল চলাকালীন অবস্থান করছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আব্দুল্লাহ আল কাইয়ুমকে গ্রেফতার করলে রবিউল ও অজ্ঞাত কয়েকজন পুলিশকে বাধা দেয়। এক পর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালিয়ে গ্রেফতারকৃতকে হাতকড়া সহ ছিনিয়ে নেয়।
এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রিন্ট মিডিয়াতে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। র্যাব-১৫ বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে গোয়েন্দা নজরদারি জোরদার করে।
সোমবার (৬ অক্টোবর ২০২৫) রাতে র্যাব-১৫ (সিপিএসসি) চকরিয়ার চট্টগ্রাম-টু কক্সবাজার মহাসড়কের একতা বাজার এলাকা থেকে রবিউলকে গ্রেফতার করে। তার কাছ থেকে ১টি স্মার্টফোন, ১টি বাটন ফোন, ২টি ব্যাংকের চেক এবং ১টি এনআইডি কার্ড উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতমোঃ রবিউল (৩০), মহেশখালী মাতারবাড়ী ১নং ওয়ার্ডের সিকদারপাড়া এলাকায় জাফর আলমের ছেলে। র্যাব জানায়, গ্রেফতারকৃতকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।