কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্রসহ এক রোহিঙ্গা ডাকাতকে আটক করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার (১০ অক্টোবর) রাত ১টা ২৫ মিনিটের দিকে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্পের ই-ব্লকের মাছ বাজারের সামনে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার-এর নির্দেশনায় এসআই (সঃ) আতাউর রহমান ও এসআই (সার্জেন্ট) বিপ্লবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে আটক করে তার দেহ তল্লাশি করে কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (লোডেড অবস্থায় ১ রাউন্ড গুলি সহ) উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি মোহাম্মদ সিদ্দিক ওরফে কালু (২৩), নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা করিম উল্লাহ’র ছেলে। সে জিজ্ঞাসাবাদে শিকার করে একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য হিসেবে তারা উক্ত স্থানে ডাকাতির পরিকল্পনা করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের আরও ১২–১৫ জন সদস্য পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে ১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার বলেন, ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ একজন সক্রিয় সদস্য আটক করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এপিবিএন সর্বদা তৎপর রয়েছে। অপরাধী যে-ই হোক, আইনবহির্ভূত কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। ক্যাম্পে শান্তি ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ১৮৭৮ সালের আর্মস অ্যাক্টের ১৯(এ)/১৯(এফ) ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি পলাতক সহযোগীদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।