বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে এক বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন।
রবিবার (১২ অক্টোবর ২০২৫) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে উপজেলার তুমব্রু সীমান্তের ৪১নং পিলারের কাছাকাছি স্থানে এ ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্য ল্যান্স নায়েক আকতার হোসেন। তিনি কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর রেজু আমতলী বিওপি তে কর্মরত।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি। তিনি জানান, সীমান্তের ৪১নং পিলারের কাছে বাংলাদেশের অভ্যন্তরে প্রস্তাবিত একটি অস্থায়ী চৌকিতে টহলরত অবস্থায় হঠাৎ মাইন বিস্ফোরণ ঘটে। এতে ল্যান্স নায়েক আকতার হোসেন গুরুতর আহত হন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাম পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
ঘটনার পরপরই সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে রামু সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মহিউদ্দিন আহমেদ বলেন, “বিজিবি সদস্য আকতার হোসেন সীমান্তে দায়িত্ব পালনকালে দুর্ভাগ্যজনকভাবে মাইন বিস্ফোরণে আহত হয়েছেন। বর্তমানে তিনি রামু সিএমএইচ-এ চিকিৎসাধীন আছেন। সীমান্তে মিয়ানমারের চলমান পরিস্থিতির কারণে আমরা সতর্ক অবস্থানে আছি এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে মিয়ানমারের অভ্যন্তরে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ বেড়ে যাওয়ায় সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঝুঁকি বাড়ছে।