বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আমবাগান এলাকায় অভিযান চালিয়ে ১৭ লিটার বাংলা মদসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ৪১/১-এস হতে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান এলাকায় অভিযান চালায়। টহলদলটি সেখানে অবস্থানকালে ১৭ লিটার বাংলা মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিক্সাসহ তিনজন রোহিঙ্গা (এফডিএমএন) যুবককে আটক করে।
আটককৃতরা হলেন, উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ই ব্লকের মোঃ সোবহানের পুত্র নূর মোহাম্মদ (১৮),একই ক্যাম্পের মৃত জিয়াউল হকের পুত্র নূরুল আবছার (১৮), এবং কুতুপালং ক্যাম্প–২ ইস্টের শামসুল আলমের পুত্র আক্তার ফারুক (১৮)। তাদের কাছ থেকে ১৭ লিটার বাংলা মদ ও একটি অটোরিক্সা উদ্ধার করা হয়।
৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক পাচার ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।