বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (১১ বিজিবি)-এর বিশেষ অভিযানে এক লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস এর নেতৃত্বে জারুলিয়াছড়ি বিওপি’র একটি টহলদল মাদক চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানটি পরিচালিত হয় নাইক্ষ্যংছড়ি থানাধীন জারুলিয়াছড়ির চিকনপাতাঝিড়ি এলাকায়, যা বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পিলার ৪৭/১ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এবং বিওপি হতে প্রায় ২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অভিযান চলাকালে টহলদল মালিকবিহীন অবস্থায় ১,০০,০০০ (এক লক্ষ) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জানান, বিজিবি সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। আমাদের টহলদল তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় এক লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তীতে নিয়মিত প্রক্রিয়া অনুযায়ী ধ্বংস করা হবে।