কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী এলাকায় অভিযান চালিয়ে ০১টি দেশীয় তৈরী একনলা বন্দুক ও ০৬টি দেশীয় তৈরী একনলা ডামি বন্দুক উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) দুপুরে র্যাব-১৫ এর সিপিএসসি ইউনিটের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে যে গর্জনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মাঝিরকাটা বেলতলী এলাকায় কিছু সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে। পরে র্যাবের একটি বিশেষ দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলের একটি বাঁশের একচালা ঘরের ভেতর থেকে ০১টি দেশীয় তৈরী একনলা বন্দুক এবং ০৬টি দেশীয় তৈরী একনলা ডামি বন্দুক উদ্ধার করা হয়।
র্যাবের ধারণা, স্থানীয় কিছু অজ্ঞাত সন্ত্রাসী এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা ও জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এসব অস্ত্র মজুদ করেছিল। উদ্ধারকৃত বন্দুকগুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, র্যাব-১৫ সবসময় অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। কক্সবাজার ও বান্দরবানের মতো সংবেদনশীল এলাকায় সন্ত্রাসী ও অপরাধচক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। পলাতক সন্ত্রাসীদের সনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
অভিযানে উদ্ধারকৃত অস্ত্রসমূহ ও তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।