বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে প্রায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর একটি বিশেষ টহলদল পূর্ব হাজীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক রাত ৯টার দিকে অভিযান চালিয়ে মোঃ মামুন রশিদ (১৮), পিতা নুরুল আলম, গ্রামঃ পূর্ব হাজীরপাড়া, থানাঃ রামু, জেলাঃ কক্সবাজার কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৯,৮৮০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক সিজার মূল্য ২৯ লাখ ৬৪ হাজার টাকা।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোজাম্মেল হোসেন বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, আটককৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।