বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদক, অস্ত্র ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে তল্লাশি অভিযান করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
কক্সবাজার রিজিওনের রামু সেক্টরের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বরত সীমান্তের প্রতিটি চেকপোস্টে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে দিনরাত দায়িত্ব পালন করছেন।
গোয়েন্দা সুত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে মিয়ানমার সীমান্তবর্তী বিভিন্ন রুট দিয়ে ইয়াবা, ক্রিস্টাল মেথ, স্বর্ণসহ অবৈধ পণ্য পাচারের আশঙ্কা দেখা দেয়। পাশাপাশি অনুপ্রবেশকারীদের চলাচল বেড়ে যাওয়ায় সীমান্তের গুরুত্বপূর্ণ চেকপোস্টগুলোতে নজরদারি বৃদ্ধি করা হয়। সেই ধারাবাহিকতায় এখন প্রতিটি প্রবেশপথে কঠোর তল্লাশি চালাচ্ছে ৩৪ বিজিবি।
নাইক্ষংছড়ির সীমান্তবর্তী ঘুমধুম, তুমব্রু, বাইশফাড়ি ও আমতলী চেকপোস্টে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সন্দেহজনক ব্যক্তি, যানবাহন ও মালামাল তল্লাশি করা হচ্ছে নিয়মিতভাবে। প্রয়োজনে গোয়েন্দা টিমও যুক্ত করা হচ্ছে অভিযানে।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম বলেন, দেশের সীমান্ত নিরাপত্তা রক্ষা ও মাদক চোরাচালান রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নাইক্ষ্যংছড়ি সীমান্তের প্রতিটি চেকপোস্ট এলাকায় কোনভাবে অবৈধ অনুপ্রবেশ বা চোরাচালান কার্যক্রম সহ্য করা হবে না।
তিনি আরও বলেন, স্থানীয় জনগণকে আমরা সহযোগিতার আহ্বান জানিয়েছি। সীমান্ত এলাকার বাসিন্দারা যেন যেকোনও সন্দেহজনক কার্যক্রম দেখলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করেন।