কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমায় নৌ অভিযানে ৪০ হাজার ইয়াবাসহ ৩ জন রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সদস্যরা।
গতকাল সোমবার (২০ অক্টোবর) রাত ১১টার দিকে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর সাবরাং বিওপি নাফ নদীতে বিশেষ নৌ- অভিযান পরিচালনা করে সন্দেহজনক নৌকা শনাক্ত হতেই দ্রুতগতির দুইটি নৌযান মোতায়েন করে কৌশলগত ফাঁদ পাতা হয়। নদীর মাঝপথে নৌকাটি আটক করে তল্লাশি চালানো হয়। অভিযানের সময় পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করলেও বিজিবি সদস্যরা তাদের নদী থেকে উদ্ধার করে আটক করতে সক্ষম হন।
আটককৃতরা হলেন, টেকনাফের সাবরাং রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল হাফেজ (১৮), উখিয়ার বালুখালী ক্যাম্পের রবি আলম (২৩), ও থাইংখালীর ময়নারঘোনা ক্যাম্পের রেজু আলম (১৯)।এসময় তাদের কাছ থেকে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা। এবং মাদকে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করা হয়।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্তে মাদক ও মানবপাচারের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আটক ও উদ্ধারকৃত এই আলামত দেশের মাদক ও পাচারের ভয়াবহতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অভিযানে অংশ নেওয়া বিজিবি সদস্যদের সাহস ও পেশাদারিত্বের জন্য আমরা তাদের প্রশংসা করি।