কক্সবাজার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।
মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের একটি সীমান্ত ফাঁড়ি কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ মংজয়পাড়া বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪২ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জিয়ানি খাল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানে কাউকে আটক করা না গেলেও বিজিবি জানিয়েছে, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্তে ইতোমধ্যে গোয়েন্দা নজরদারি আরও বাড়ানো হয়েছে।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের টহলদল অভিযান পরিচালনা করে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক প্রতিরোধ এবং চোরাচালান দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে।