আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) দুপুরে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন সদর দপ্তরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন র্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান, পিএসসি, আর্টিলারি। সভায় কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভায় র্যাব-১৫ অধিনায়ক সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকবিরোধী অভিযান, মানব পাচার ও অপহরণ রোধ, সন্ত্রাস দমন কার্যক্রম এবং পর্যটন এলাকার নিরাপত্তা বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, র্যাব-১৫ সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। কক্সবাজারকে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ জেলা হিসেবে গড়ে তুলতে র্যাব নিরলসভাবে কাজ করছে।
লে. কর্নেল কামরুল হাসান আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র্যাব সাংবাদিকদের সহযোগিতা কামনা করছে।
মতবিনিময় সভায় অংশ নেওয়া সাংবাদিকরা র্যাবের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন এবং গণমাধ্যম ও র্যাবের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা সীমান্তে অস্ত্র ও মাদক চোরাচালন রোধ, রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে অবস্থান নিয়ন্ত্রণ ও অপহরণ প্রতিরোধে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
সভা শেষে র্যাব-১৫ অধিনায়ক বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় র্যাব রাজনৈতিক নেতা-কর্মী ও জনগণের সহযোগিতাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে। মিডিয়া আমাদের কার্যক্রমে গুরুত্বপূর্ণ অংশীদার, তাই তাদের সহযোগিতা আমরা সর্বদা প্রত্যাশা করি।
সভা শেষে র্যাব কর্মকর্তারা সাংবাদিকদের ধন্যবাদ জানান।