কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের মালামাল চুরির ঘটনায় দুই রোহিঙ্গা যুবককে হাতেনাতে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ।
বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে কক্সবাজার সদরস্থ সমুদ্র সৈকতের পর্যটন এলাকায় নিয়মিত টহল চলাকালে তাদের আটক করা হয়।
ট্যুরিস্ট পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১২টার দিকে টহলরত সদস্যরা দুইজন রোহিঙ্গা যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালান। তল্লাশিতে পর্যটকদের মালামাল চুরির সঙ্গে জড়িত থাকার প্রমাণ মেলে। পরবর্তীতে ঘটনাস্থল থেকেই তাদের হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উখিয়ার কুতুপালং ২ নম্বর ক্যাম্পের জামাল হোসেনের ছেলে আবু তাহের (১৮), ও থাইংখালী ১২ নম্বর ক্যাম্পের জহির আহমদের ছেলে মো. করিমুল্লাহ (১৩)।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার রিজিওন ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ আপেল মাহমুদ বলেন, কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। সৈকত এলাকায় কোনো ধরনের অপরাধমূলক কার্যকলাপ সহ্য করা হবে না। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সৈকতে দেশি-বিদেশি পর্যটকরা যেন নিরাপদ পরিবেশে কক্সবাজার ভ্রমণ উপভোগ করতে পারেন, সে লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশ নিরলসভাবে কাজ করছে।