সীমান্ত অঞ্চলের প্রান্তিক ও অসহায় মানুষের সেবায় মানবিক উদ্যোগ হিসেবে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেছে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত হ্নীলা ইউনিয়নের খারাংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মগপাড়া প্রাইমারি স্কুলে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে উখিয়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোঃ শাহাদাত হোসেন শুভ, এএমসি’র নেতৃত্বে মোট ২০০ জন রোগীকে (পুরুষ ৬১ জন, মহিলা ৮৫ জন ও শিশু ৫৪ জন) চিকিৎসা প্রদান করা হয় এবং তাদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি, অধিনায়ক, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এবং মেজর ইশতিয়াক আহমেদ, উপ-অধিনায়ক, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি তারা নিয়মিতভাবেই সীমান্ত এলাকায় মানবিক ও সামাজিক সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে। এতে সীমান্ত এলাকার জনগণের সঙ্গে বিজিবির সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে এবং জনগণের আস্থা বাড়ছে।
অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি আমরা মানবিক দায়িত্বও পালন করে যাচ্ছি। সীমান্তের অসহায় জনগণের পাশে থেকে চিকিৎসা ও প্রয়োজনীয় সেবা প্রদান আমাদের নৈতিক দায়িত্ব। বিজিবির এ উদ্যোগে স্থানীয় জনগণের আস্থা ও ভালোবাসা আরও বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতেও উখিয়া ব্যাটালিয়ন এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
উল্লেখ্য, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দেশের সর্বদক্ষিণে বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি এই ব্যাটালিয়ন সীমান্তবর্তী জনপদের কাছে ইতোমধ্যেই আস্থার প্রতীক হিসেবে সুনাম অর্জন করেছে।