কক্সবাজারের উখিয়ায় রেজুরখাল নদীতে মাছ ধরতে গিয়ে মোহাম্মদ ফারহাদ নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর ২০২৫) বিকেল আনুমানিক ৩টার দিকে জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়া এলাকার রেজুরখাল নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ কিশোর মোহাম্মদ ফারহাদ (১৪) সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এবং উত্তর সোনারপাড়ার ৩নং ওয়ার্ডের জেলে আব্দুল হালিমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ফারহাদ তার বাবার সঙ্গে রেজুরখাল নদীতে ডিঙ্গি নৌকায় মাছ ধরতে যায়। এক পর্যায়ে নৌকা থেকে নদীতে পড়ে সে নিখোঁজ হয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করলেও সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দূর্জয় সরকার সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পাশাপাশি কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসকেও বিষয়টি জানানো হয়েছে।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দূর্জয় সরকার বলেন, নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধারের জন্য স্থানীয়দের সহযোগিতায় অভিযান চলছে। ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করা হয়েছে।
এদিকে এলাকায় স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে।