কক্সবাজারের রোহিঙ্গা পরিস্থিতি ও চলমান মানবিক কার্যক্রম প্রত্যক্ষ করতে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)-এর নয় সদস্যের একটি প্রতিনিধি দল বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন।
বুধবার (২৩ অক্টোবর ২০২৫) সকাল আনুমানিক ০৯৫০ ঘটিকায় দাতা মোহাম্মদ উসরির নেতৃত্বে প্রতিনিধি দলটি ক্যাম্প-৩ এর সি-ব্লকস্থ গণস্বাস্থ্য কেন্দ্রের জিকে হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে কার্যক্রম শুরু করেন।
আরআরআরসি অফিস সূত্রে জানা যায়, প্রতিনিধি দলে ছিলেন- দাতা মোহাম্মদ উসরি, তার পুত্র স্যামি উসরি, দাতা ইন্দ্রনীল ঘোষ, দাতা তেরেসা প্রেস্টন-ওয়ার্নার, ইউএসএ ফর ইউএনএইচসিআর-এর নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুজান এলার্স, যোগাযোগ পরিচালক নিকোলাস ফিনি, প্রধান দাতা কর্মকর্তা লরেন নেগ্রেতে, ইউএনএইচসিআর-এর সিনিয়র ফিল্ড অফিসার ক্রেইনিক এবং সুরক্ষা কর্মকর্তা স্যামুয়েল সিউ।
সকাল সাড়ে ৯টায় তারা জিকে হাসপাতাল ঘুরে দেখেন এবং হাসপাতালের কর্মকর্তাদের কাছ থেকে স্বাস্থ্যসেবা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
পরবর্তীতে ক্যাম্প-২ (ওয়েস্ট) এর সি-৮ ব্লক সংলগ্ন এলাকায় অবস্থিত ইউএনএইচসিআর অর্থায়নে এনজিও সংস্থা কোডেক পরিচালিত “পিকক মাল্টিপারপাস চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সেন্টার (এমপিসিএসি)” পরিদর্শন করেন। এ সময় তারা শিশুদের খেলাধুলার উপকরণসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
এছাড়া দুপুরে প্রতিনিধি দলটি ক্যাম্প-৪ এর ব্লক সি/০৩ এ অবস্থিত ইউএনএইচসিআর অর্থায়নে ব্র্যাক পরিচালিত “উইমেন অ্যান্ড গার্লস সেফ স্পেস” পরিদর্শন করেন। সেখানে উপস্থিত রোহিঙ্গা নারীদের সঙ্গে মতবিনিময় করে চলমান কর্মসূচি সম্পর্কে অবহিত হন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন বলে জানা গেছে।