কক্সবাজারের উখিয়ায় পারিবারিক কলহের জেরে মুন্নী আক্তার নামের এক তরুণী বিষপান করে আত্মহত্যা করেছেন।
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, সকাল ১১টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের বত্তাতলী এলাকায় নিজ বাড়িতে পারিবারিক বিরোধের একপর্যায়ে তরুণীটি বিষপান করেন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে দুপুর দেড়টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মুন্নী আক্তার (২২) হলদিয়াপালং ইউনিয়নের বত্তাতলী এলাকার মৃত আজগর আলীর মেয়ে ও মোঃ ওবায়দুল হকের স্ত্রী। স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধের কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তরুণীটি আত্মহত্যা করেছেন। লাশের সুরতহাল সম্পন্ন করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।