কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া রেজুরখাল নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া এক স্কুলছাত্রের লাশ নিখোঁজের একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সোনারপাড়া এলাকার রেজুরখাল নদী থেকে ১৮ ঘণ্টা পর স্থানীয়দের সহায়তায় ইনানী ফাঁড়ির পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কিশোরের লাশ উদ্ধার করেন।
নিহত স্কুল শিক্ষার্থীর মোঃ শাহিন সারোয়ার ফরহাদ (১৪)। উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সোনারপাড়া বাজার এলাকার আব্দুল করিমের ছেলে। সে সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দূর্জয় সরকার জানান, সকালে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। উদ্ধার শেষে প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে গতকাল শনিবার বিকেলে রেজুরখাল নদীতে পিতা আব্দুল করিমের সঙ্গে মাছ ধরার সময় ডিঙ্গি নৌকা থেকে পড়ে যায় ফরহাদ। এরপর থেকে সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্য ও স্থানীয়দের সংবাদে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ফায়ার সার্ভিসের সহায়তায় রাতভর উদ্ধার তৎপরতা চালালেও কিশোরটিকে জীবিত উদ্ধার সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, নদীর পানির স্রোত অত্যন্ত প্রবল থাকায় মুহূর্তের মধ্যেই কিশোরটি দৃষ্টির আড়ালে চলে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা সকাল থেকে পুনরায় অভিযান শুরু করে তার মরদেহ উদ্ধার করে।
এদিকে ঘটনার পর থেকেই এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত ফরহাদের সহপাঠী ও শিক্ষকরা তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল হক বলেন, নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠাই। ইনানী পুলিশ ফাঁড়ি ও ফায়ার সার্ভিসের সদস্যরা সম্মিলিতভাবে উদ্ধার অভিযান চালিয়ে আজ সকালে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা এড়াতে নদী বা খালে শিশু-কিশোরদের একা মাছ ধরতে না যাওয়ার বিষয়ে অভিভাবকদের সতর্ক থাকা প্রয়োজন।
নিহত ফরহাদের মৃত্যুতে সোনারপাড়া এলাকায় শোকের মাতম চলছে। সহপাঠীরা প্রিয় বন্ধুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা নিহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।