কক্সবাজারের টেকনাফে একই রাতে পৃথক দুই অভিযানে ১৪ জন মানবপাচার ভুক্তভোগীকে উদ্ধার এবং মানবপাচার চক্রের তিন সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)।
বিজিবি জানায়, শনিবার (২৫ অক্টোবর) গভীর রাতে নোয়াখালীপাড়া ও দক্ষিণ লম্বরী এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
এ সময় নোয়াখালীপাড়ার আবু তাহেরের বাড়ি থেকে ৮ জন এবং দক্ষিণ লম্বরী এলাকার মোহাম্মদ শফির বাড়ি থেকে ৬ জনকে উদ্ধার করা হয়। দুই অভিযানে মানবপাচার চক্রের তিন সক্রিয় সদস্য আবু তাহের, তার স্ত্রী দিলদার বেগম ও মোহাম্মদ শফি কে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
বিজিবির নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায়, সংগঠিত পাচারকারী চক্রটি বাংলাদেশ থেকে সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে ভুক্তভোগীদের দুটি স্থানে জিম্মি করে রেখেছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।
টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, আজকের রাতটি টেকনাফ সীমান্তে মানবপাচারকারী ও সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর জন্য একটি চরম দুঃসংবাদ। বিজিবি যে কোনো অপরাধীর জন্য সীমান্তের পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত এক ইঞ্চি জায়গাও নিরাপদ রাখবে না।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ভুক্তভোগীদের প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং আটক তিন মানবপাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, পাচার চক্রের আরও সাতজন সদস্য পলাতক রয়েছে বলে বিজিবি জানিয়েছে।
বিজিবির এই সফল অভিযান মানবপাচার রোধে সীমান্তে তাদের দৃঢ় অবস্থানের আরেকটি প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।