গত ২৫ মে ২০২২ খ্রিঃ তারিখ স্বাস্থ্য অধিদপ্তর এর স্মারক নং-স্বাঃঅধিঃ/সমন্বয়/সভা/২০২২/২২৭(৯) তারিখের সভার প্রেক্ষিতে সারা দেশের ন্যায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা নামসর্বস্ব হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে কার্যকর শুরু করেছে উখিয়া উপজেলা স্বাস্থ্য বিভাগ ।
রবিবার ২৯ মে ২০২২ খ্রিঃ বেলা ১২ টার দিকে উখিয়া উপজেলাধীন পালংখালী, কোর্টবাজার এলাকায় অভিযান পরিচালনা করে ২টি অবৈধ হাসপাতাল ও ১টি ডেন্টাল ক্লিনিকের কার্যক্রম বন্ধ ঘোষণা ও সীল গালা করা হয়েছে।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তাজ উদ্দীন আহাম্মদ, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. রনজন বড়ুয়া রাজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহি উদ্দীন মহিন, স্যানিটারী ইন্সপেক্টর মোঃ নুরুল আলম, পরিসংখ্যানবিদ সঞ্জয় দাশ সহ পুলিশ প্রশাসনের সহযোগীতায় একটি টিম বালুখালী বাজার সংলগ্ন ‘‘বি. কে. ডেন্টাল কেয়ারে’’ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ক্লিনিকে কাউকে পাওয়া যায়নি, ডেন্টাল কেয়ারটি সীল গালা করে বন্ধ ঘোষনা করা হয়।
পরে পালংখালী বাজার সংলগ্ন ‘‘তাজমান হাসপাতাল’’ পরিদর্শন করেন, পরিদর্শনকালীন হাসপাতালের কাগজপত্র পর্যালোচনায় স্বাস্থ্য অধিদপ্তর হতে নিবন্ধনের কোন কাগজের প্রমাণাদি পাওয়া যায়নি। তৎসময়ে মোবাইল কোর্ট পরিচালনা করে হাসপাতালকে ৪০ হাজার টাকা অর্থ দন্ডসহ হাসপাতালটি বন্ধ ঘোষনা করা হয়। কোটবাজার ‘‘অরিয়ন হাসপাতাল’’ হাসপাতাল পরিদর্শনকালীন হাসপাতালটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। মোবাইল কোর্ট টিম হাসপাতালটিকে পূণরায় তালাবদ্ধ ও সীলগালা করে বন্ধ ঘোষনা করেন।